logo

জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড জয়, ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে শাবিপ্রবির ‘স্ট্রিচ এআই’

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, শাবিপ্রবি
জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড জয়, ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে শাবিপ্রবির ‘স্ট্রিচ এআই’
বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস গ্রহণ করেন শাবিপ্রবির শিক্ষার্থী। ছবি: এশিয়া পোস্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্ভাবনী কৃত্রিম বুদ্ধিমত্তা ‘স্ট্রিচ এআই’ বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬ অর্জন করেছে। স্টুডেন্ট ক্যাটাগরিতে প্রাপ্ত এই অ্যাওয়ার্ডের পাশাপাশি ইন্দোনেশিয়ায় আয়োজিত এশিয়া-প্যাসিফিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জোট (এপিআইসিটিএ) অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ পেয়েছে দলটি।

বুধবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

উদ্ভাবনী দলের সদস্যদের মাঝে রয়েছেন শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আহমেদ ইশতিয়াক ও মোল্লা ওমর হামজা, ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আবিদ খান এবং লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সাবরিনা ইসলাম।

‘স্ট্রিচ এআই’ পোশাক খাতের ই-কমার্স প্ল্যাটফর্মে সাইজ ও ফিটিংজনিত সমস্যার কারণে পণ্য রিটার্ন পাঠানোর হার কমানোর লক্ষ্য নিয়ে কাজ করে। এটি একটি আধুনিক এজেন্টিক এআই প্ল্যাটফর্ম, যা সাইজ মেজারমেন্ট ভ্যালিডেশন, থ্রিডি ভিআর ট্রাই-অন এবং স্মার্ট রেকমেন্ডেশন সিস্টেমের সমন্বয়ে অনলাইন ক্রেতাদের জন্য নিখুঁত সাইজ বাছাই নিশ্চিত করে।

পুরস্কার প্রাপ্তির পর উদ্ভাবক দলের সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, জাতীয় পর্যায়ের এই সম্মাননা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে। এশিয়া-প্যাসিফিক আইসিটি অ্যালাইয়েন্স অ্যাওয়ার্ডসেও সেরা পারফরম্যান্স প্রদর্শন করে দেশের জন্য সুনাম বয়ে আনতে আমরা বদ্ধপরিকর।

জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থীদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির বিশ্বমঞ্চে বিশ্ববিদ্যালয়ের তরুণদের এ ধরনের উদ্ভাবন পুরো দেশের নাম উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি। আমি পুরো টিমকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁদের সাফল্য কামনা করছি।