বেরোবিতে ভর্তিতে নিয়মবহির্ভূত ৭ লাখ টাকা অতিরিক্ত আদায়, ইউজিসির আপত্তি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে ‘সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি) ফি’ নামে শিক্ষার্থীপ্রতি ৫০০ টাকা করে অতিরিক্ত আদায় করা হয়েছে। এতে শিক্ষার্থীদের কাছ থেকে মোট ৬ লাখ ৯৭ হাজার টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে, যা নিয়মের ব্যত্যয় হিসেবে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অ্যাসেসমেন্ট দল।
ইউজিসির বাজেট অ্যাসেসমেন্ট দলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে ‘সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন ফি’ নামে অর্থ আদায় করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
২০২৫ সালের ১৬-১৯ নভেম্বর বেরোবির ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটের অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করে ইউজিসির বাজেট অ্যাসেসমেন্ট দল। ওই প্রতিবেদনে শিক্ষার্থীদের কাছ থেকে সিডিটি ফি বাবদ মোট ৬ লাখ ৯৭ হাজার টাকা আদায়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো দপ্তর, সেন্টার বা বিভাগের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় এবং সেই অর্থ ব্যয়ের সুযোগ নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করেছে ইউজিসির অ্যাসেসমেন্ট দল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সবুর ভূঁইয়া বলেন, প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ভর্তি ফির বাইরে সিডিটি ফি নামে অতিরিক্ত ৫০০ টাকা নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বাড়ছে। যা শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ ধরনের অতিরিক্ত ফি আদায় বন্ধ করা প্রয়োজন।
এ বিষয়ে বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ফেরদৌস রহমান এশিয়া পোস্টকে বলেন, এ বিষয়ে ইউজিসি আগেও আপত্তি জানিয়েছে, এবারও জানিয়েছে। আমাদের ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে এই ফি আর নেওয়া হবে না।
ইতোমধ্যে আদায় করা অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে টাকাটা নেওয়া হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা দেওয়া হবে।



