বুয়েটে সোমবার থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং

বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রতিদিন নির্দিষ্ট সময়ে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। এ জন্য ক্যাম্পাসে লোডশেডিংয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বুয়েটের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন মোট পাঁচ ঘণ্টা বুয়েট ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়গুলো হলো— সকাল ৬টা থেকে ৭টা, সকাল ১০টা থেকে বেলা ১১টা, দুপুর ২টা থেকে ৩টা, রাত ১২টা থেকে ১টা ও রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা করে বিদ্যুৎ বন্ধ থাকবে।
বুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, দিনের বেলায় গ্যাসের চাপ অত্যন্ত কম থাকায় লোডশেডিংয়ের সময় নিজস্ব জেনারেটরের মাধ্যমে পুরো ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপিডিসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী লোডশেডিং কার্যক্রম পরিচালনা করা হবে।
বুয়েটের প্রধান প্রকৌশলী ড. এ. কে. এম. জাহাঙ্গীর আলম বিজ্ঞপ্তির মাধ্যমে এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।



