logo
Advertisement

উপাচার্যের বক্তব্য ঘিরে ডিসিইউর শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

এশিয়া পোস্ট নিউজ, সরকারি বাঙলা কলেজ
উপাচার্যের বক্তব্য ঘিরে ডিসিইউর শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের একটি বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি দেখা গেছে। উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষকরা কালো ব্যাজ ধারণের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, শিক্ষার্থীদের একটি অংশ উপাচার্যের বক্তব্যকে সমর্থন জানিয়ে, শিক্ষকদের কর্মসূচির প্রতিবাদে ফেসবুক প্রোফাইল ছবি লাল করেছেন।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী শেপিং দ্য ফিউচার অব হায়ার এডুকেশন অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

বক্তব্যের প্রতিবাদে সাত কলেজের বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকরা রোববার (২৩ আগস্ট) কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা করেছেন।

অনুষ্ঠানের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বক্তব্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজে বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা একই সঙ্গে ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ে পাঠদান করছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠদানের জন্য শিক্ষকদের যে ধরনের চিন্তা-চেতনা ও গবেষণার প্রয়োজন, তাদের তা নেই।

এতে উপাচার্যের বক্তব্যকে কেন্দ্র করে সাত কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভিন্নমুখী অবস্থান তৈরি হয়েছে। একদিকে শিক্ষকরা বক্তব্যের প্রতিবাদে কর্মসূচি পালন করছেন, অন্যদিকে শিক্ষার্থীদের একটি অংশ উপাচার্যের বক্তব্যকে সমর্থন জানিয়ে পাল্টা কর্মসূচি পালন করছেন।

উপাচার্যের এ বক্তব্যের পর বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শিক্ষকরা মনে করছেন, একটি সম্পূর্ণ ক্যাডার সার্ভিসের সদস্যদের নিয়ে এ ধরনের ঢালাও মন্তব্য অবমাননাকর। তাদের দাবি, সরকারি কলেজের শিক্ষকরা দীর্ঘদিন ধরে দেশের উচ্চশিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

শিক্ষকদের কর্মসূচির প্রতিবাদে ফেসবুকের প্রফাইল ছবি লাল করেছে ডিসিইউর শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট
শিক্ষকদের কর্মসূচির প্রতিবাদে ফেসবুকের প্রফাইল ছবি লাল করেছে ডিসিইউর শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

এদিকে, শিক্ষার্থীদের একটি অংশ উপাচার্যের বক্তব্যকে ইতিবাচক হিসেবে নিয়েছেন। শিক্ষকদের কালো ব্যাজ ধারণের সিদ্ধান্তের প্রতিবাদে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রোফাইলের ছবি লাল করার কর্মসূচি শুরু করেছেন।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬৫ জন উপাচার্যসহ নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছিলেন।