logo
Advertisement

খালার বাড়িতে গিয়ে নিখোঁজ ইবি শিক্ষার্থী

এশিয়া পোস্ট নিউজ, ইবি
খালার বাড়িতে গিয়ে নিখোঁজ ইবি শিক্ষার্থী
নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক সাহা। ছবি: সংগৃহীত

খালার বাড়িতে বেড়াতে গিয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা। নিখোঁজের বিষয়ে থানায় জিডি করেছেন সৌভিকের খালাতো ভাই কমল।

Advertisement

শনিবার (২২ আগস্ট) প্রতিবেদন লেখা পর্যন্ত সৌভিকের কোনো খোঁজ পায়নি তার পরিবার। এর আগে গত ১৮ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে খুলনায় খালার বাড়ি থেকে বের হন। তারপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সৌভিক তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার রাজারহাটপুর থেকে গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বাসে ক্যাস্পাসে পৌঁছান। পরে ক্যাম্পাস থেকে ঝিনাইদহগামী একটি বাসে ওঠেন। পরে তিনি খুলনায় তার খালাবাড়ি পৌঁছান। ওইদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খালাবাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে নিখোঁজ।

এদিকে নিখোঁজ শিক্ষার্থীর পরিবার জানায়, রাত সাড়ে ৯টার দিকে সৌভিক মোবাইল ফোনে যোগাযোগ করেন। তখন কোনো বাস বা ট্রেন পাচ্ছেন না বলে জানান। এরপর থেকেই সৌভিকের মোবাইল ফোন বন্ধ রয়েছে। পরিবারের সদস্য ও সহপাঠীরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি।

সৌভিকের খালাত ভাই কমল বলেন, সৌভিক আমার বাসা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ। সৌভিকের নিখোঁজের ঘটনায় জিডি করেছি।

এ বিষয়ে ইবি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. খাইরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেছি। সৌভিকের সর্বশেষ অবস্থান দৌলতপুর এলাকায় হওয়ায় সেখানে শিক্ষার্থীরা গিয়ে জিডি করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি জানার পরপরই থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করছে।