নোবিপ্রবি শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকে তলব

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রণীত নিয়োগ নীতিমালা অমান্য করে শিক্ষক নিয়োগের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ পাঁচ শিক্ষক ও কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১১ আগস্ট) দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. জাহেদ আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তলবনামা জারি করা হয়। অভিযোগসংক্রান্ত বিষয়ে বক্তব্য গ্রহণের জন্য আগামী ১৯ আগস্ট তাদের দুদকের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
নোটিশে তলবকৃত ব্যক্তিরা হলেন—সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. জামসেদুল ইসলাম, সহকারী অধ্যাপক শ্রাবন্তী দত্ত এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী।
দুদকের নোটিশে উল্লেখ করা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউজিসির নিয়োগ নীতিমালা না মেনে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের জাতীয় পরিচয়পত্রসহ নির্ধারিত দিনে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে এবং আইনানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বলেন, এর আগেও দুদক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য চেয়েছিল, আমরা তথ্য প্রদান করেছি। এখন বক্তব্যের জন্য ডেকেছে, তাই নির্ধারিত সময়ে আমরা উপস্থিত হব।



