মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে বেরোবি, যুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের ভেতরে বহিরাগতের মাদক সেবন ও বিক্রি এবং তাদের সঙ্গে গুটিকয়েক শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগ ওঠার পর মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাদক কারবারিদের শনাক্ত করতে সহযোগিতা করলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও দিয়েছে তারা।
শনিবার (২৯ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. ফেরদৌস রহমান এশিয়া পোস্টকে এই তথ্য নিশ্চিত করেন।
সরজমিনে দেখা যায়, রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকের পিছনে, কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠে বহিরাগত মাদকসেবনকারীদের আনাগোনা লক্ষ্য করা গেছে। এসব স্পটে মাদক সেবনের পর ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জাম ও ব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে, যা ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাকে বিঘ্নিত করছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় কয়েক দিন আগে রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে। এই নিরাপত্তা হুমকি আমাদের ক্যাম্পাসেও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। রাত দশটার পর প্রতিদিন বহিরাগতদের কয়েকটি দল বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে বসে মাদক সেবন করে। যা আমাদের শিক্ষার পরিবেশ এবং নিরাপত্তার জন্য বড় হুমকি।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। গত দুই বছরে আমরা মাদকের সঙ্গে জড়িত প্রায় ১৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং তাদের মধ্য থেকে সাতজনকে চালান দেওয়া হয়েছে। মাদকের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোপ্রকার ছাড় দেবে না। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি মাদকের সঙ্গে জড়িত বা মাদক কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সহযোগিতা করে তাকে ১০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
বেরোবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন রাফি বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বর্তমানে মাদকসেবনের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা এবং ক্যাম্পাসে নিয়মিত তদারকি ও নজরদারি বাড়ানো।



