logo

‘৫৬?’ লেখা কাগজ হাতে চুয়েট শিক্ষার্থীদের প্রশ্নযাত্রা, সাবেক ভিসি সায়েমকে পুনর্বহালের দাবি

‘৫৬?’ লেখা কাগজ হাতে চুয়েট শিক্ষার্থীদের প্রশ্নযাত্রা, সাবেক ভিসি সায়েমকে পুনর্বহালের দাবি
‘৫৬?’ লেখা কাগজ হাতে প্রতীকী প্রশ্নযাত্রা করেন চুয়েট শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

লাল রঙে বড় করে লেখা ‘৫৬?’। কারও হাতে কাগজটি উঁচু করে ধরা, কারও হাতে বুকের সামনে। এমন কাগজ হাতে নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রতীকী প্রশ্নযাত্রা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ‘আমাদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ এবং ‘সায়েম স্যার, সায়েম স্যার’ স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীদের হাতে থাকা লাল কাগজের ‘৫৬?’ যেন তাদের একটাই প্রশ্নকে সামনে আনছিল, মাত্র ৫৬ দিনের দায়িত্বের পর কেন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পরিবর্তন করা হলো। সায়েমকে পুনর্বহালের দাবিতে ছয় দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা।

প্রতীকী প্রশ্নযাত্রায় অংশ নেওয়া কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ২৪ আবর্তের শিক্ষার্থী আয়েশা করিম সোহা বলেন, মাত্র ৫৬ দিনের মধ্যে আমাদের ভিসিকে পরিবর্তন করা হয়েছে। আজ ছয় দিন ধরে আমরা কর্মসূচি পালন করছি। আমাদের প্রশ্ন, এটা আর কত দিন চলবে? আমাদের দাবি যত দ্রুত সম্ভব মেনে নেওয়া হোক।

সোহা আরও বলেন, স্যার দায়িত্বে থাকা ৫৬ দিনে কী কী করেছেন, আমরা সেগুলো স্মরণ করছি। তার কাজ দেখে আমরা তার প্রতি কৃতজ্ঞ। তাকে আবার আমাদের ভিসি হিসেবে দেখতে চাই।

এদিকে দ্রুত আন্দোলনের অবসান ঘটিয়ে শ্রেণিকক্ষে ফিরতে চান শিক্ষার্থীরা। ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ আবর্তের শিক্ষার্থী সাদনান ওয়াসি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আমাদের দাবি মেনে নেওয়া হোক। আমরা শিগগিরই ক্লাসে ফিরতে চাই। ইতোমধ্যে আমাদের অনেক সেশনজট হয়ে গেছে। আমরা আর সেটি বাড়াতে চাই না। তাই সায়েম স্যারকে পুনরায় ভিসি করে আমাদের দাবি মেনে নেওয়া হোক, যেন আমরা ক্লাসে ফিরতে পারি।

এর আগে, গতকাল শনিবার নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদান প্রত্যাখ্যান করে লাল কার্ড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করতে হবে। এ দাবিতে গত ছয় দিন ধরে চুয়েটে শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষার্থীদের হাতে থাকা ‘৫৬?’ লেখা লাল কাগজ, আর ক্যাম্পাসজুড়ে উচ্চারিত ‘সায়েম স্যার’ স্লোগানের মধ্য দিয়ে এদিনও তাদের দাবিটি স্পষ্ট করে তোলেন আন্দোলনকারীরা, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করে দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরতে চান তারা।