logo

সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য
উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সেখানে ফেরার পরপরই তিনি অনলাইনে একটি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন বলে জানা গেছে। তবে যথাযথ নিয়ম না মেনে হঠাৎ এই সভা ডাকা এবং রেজিস্ট্রারের পদত্যাগজনিত জটিলতার কারণে সিন্ডিকেটের একাধিক সদস্যের মধ্যে প্রশ্ন ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এই অনলাইন সভা আহ্বান করেন উপাচার্য। মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে সদস্যদের সভায় যোগদানের আমন্ত্রণ জানানো হয়। তবে সভায় কোরাম পূর্ণ হবে কি না কিংবা সদস্যরা এতে অংশ নেবেন কি না, সে বিষয়ে শেষ পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদুল হাসান বলেন, আজ সন্ধ্যা ৬টায় অনলাইনে একটি সভা ডেকেছেন। তবে আমি ছুটিতে থাকায় এতে যোগ দিতে পারব কি না, তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না।

ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসাইন বলেন, উপাচার্য একটি বার্তা পাঠিয়েছেন। তবে এভাবে মোবাইল মেসেজে সিন্ডিকেট সভা আহ্বান করা বিধিসম্মত কি না, তা আমার জানা নেই। প্রচলিত নিয়ম অনুযায়ী রেজিস্ট্রারের অফিশিয়াল চিঠির মাধ্যমেই সভা আহ্বান করার কথা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির দাবি করেছেন, তিনি আগেই ওই পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে প্রচলিত প্রশাসনিক প্রক্রিয়া ও রেজিস্ট্রারের দাপ্তরিক মাধ্যম এড়িয়ে সভা ডাকায় এর প্রাতিষ্ঠানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদ্যুৎবিহীন অবস্থায় টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে মুক্ত হন উপাচার্য। পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে তাকে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।