৭০০ চাকরির সুযোগ নিয়ে জাবিতে বসছে জাকসু জব ফেয়ার

দেশের শীর্ষস্থানীয় ২৫টিরও বেশি করপোরেট প্রতিষ্ঠানে ৭০০টির বেশি চাকরির সুযোগ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’।
আগামী ১১ সেপ্টেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে আয়োজিত এ জব ফেয়ারে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সরাসরি জীবনবৃত্তান্ত জমা দিয়ে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় বিবেচনায় নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে।
ইতোমধ্যে প্রাণ, আরএফএল, ওয়ালটন, একমি, নেসক্যাফে, পোলার ও ইফাদসহ বিভিন্ন খাতের ২৫টিরও বেশি প্রতিষ্ঠান এ আয়োজনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে ৭০০টির বেশি পদে নিয়োগের সুযোগ রয়েছে।
এ আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে ব্র্যাক ক্যারিয়ার হাব। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মা। এ ছাড়া স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছে ব্রিলিয়ান্স রেড চিলি।
আয়োজকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি এবং দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে। জব ফেয়ারের পাশাপাশি অনুষ্ঠিত হবে ক্যারিয়ার সামিট। এতে ইউনিসেফের রিসোর্স পারসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের করপোরেট প্রতিনিধিরা শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করবেন।
জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান এশিয়া পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সময় প্রয়োজনীয় দক্ষতার অভাবে কাঙ্ক্ষিত চাকরির সুযোগ থেকে পিছিয়ে পড়েন। সেই লক্ষ্য থেকেই জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট আয়োজন করতে যাচ্ছে।
তিনি আরও জানান, প্রথম বর্ষ থেকে শুরু করে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা সব শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের এইচআর প্রতিনিধিরা শিক্ষার্থীদের সিভি গ্রহণের পাশাপাশি চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে দিকনির্দেশনা দেবেন। ক্যারিয়ার সেশনে ইউনিসেফের প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিরা মানসম্মত সিভি তৈরি, ভাইভা ও ইন্টারভিউয়ের প্রস্তুতি এবং করপোরেট ক্যারিয়ারে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে পরামর্শ দেবেন। আশা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজনের সুযোগ গ্রহণ করে নিজেদের ক্যারিয়ার গঠনে এগিয়ে যাবে।



