১ম বর্ষের ফাইনাল পরীক্ষা ও ফরম পূরণের তারিখ জানালো সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংযুক্ত সাত কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (অনার্স) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর। আর পরীক্ষার জন্য ফরম পূরণ শুরু হবে আগামী ৬ অক্টোবর।
রোববার (৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শহিদুল্লাহর নির্দেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাকাডেমিক কার্যক্রম সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত মতে বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত কলেজগুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা-২০২৫ আগামী ১ নভেম্বর রোববার থেকে শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম আগামী ৬ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। মূল পরীক্ষার্থীদের পাশাপাশি পূর্ববর্তী শিক্ষাবর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরাও নিয়ম মেনে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শহিদুল্লাহ্ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলি এবং পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন খুব শীঘ্রই আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সাত কলেজ অধ্যক্ষদের নিয়ে অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাকাডেমিক কার্যক্রম সমন্বয় কমিটির সভায় পরীক্ষা গ্রহণ ও ফরম পূরণের এই সিদ্ধান্ত গৃহীত হয়।
