১৮০ দিনের ‘সাফল্য’ তুলে ধরে নোবিপ্রবিতে ছাত্রদলের পাল্টা ব্যানার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সরকারবিরোধী প্রচারণার জবাবে বর্তমান বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের ‘সাফল্য’ তুলে ধরে পাল্টা ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বাস গ্যারেজ ও শান্তিনিকেতনসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ব্যানার ও ফেস্টুন শোভা পেতে দেখা যায়।
এর আগে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে অর্থনৈতিক অব্যবস্থাপনা, লোডশেডিং ও ব্যাংক খাতের চিত্র টেনে ‘বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানার টাঙায় ‘জাতীয় ছাত্রশক্তি’ নোবিপ্রবি শাখা। ওই ব্যানারের পাল্টা জবাব হিসেবেই ছাত্রদলের পক্ষ থেকে ‘সরকারের প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম ও উদ্যোগ’ শীর্ষক এ প্রচার চালানো হয়।
ছাত্রদলের টাঙানো এসব ব্যানার ও ফেস্টুনে সরকারের প্রথম ৬ মাসের সাফল্য হিসেবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, ঋণ পরিশোধ, খাদ্যসংকট মোকাবিলায় মজুত বৃদ্ধি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, খাল খনন, শ্রমবাজার সম্প্রসারণ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সাব্বির হোসেন বলেন, বিগত ৬ মাসে সরকার যে জনবান্ধব কাজগুলো করেছে, একটি কুচক্রী মহল তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের সামনে সরকারের প্রপ্রকৃত উন্নয়নচিত্র তুলে ধরতেই আমাদের এই আয়োজন।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে অর্থনৈতিক অব্যবস্থাপনা, লোডশেডিং ও ব্যাংক খাতসহ নানা বিষয়ে ‘বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানার টাঙায় ছাত্রশক্তি নোবিপ্রবি শাখা। মধ্যরাতে প্রক্টরিয়াল বডি সেসব ব্যানার অপসারণ করলেও পরে তা পুনরায় টাঙিয়ে দেয় সংগঠনটির নেতাকর্মীরা। তবে সকাল হতেই সেসব ব্যানার আবার উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটে।


