ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আহত এক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ-সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে সোহেল (৩৬) নামের এক প্রাইভেট কার চালক আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে। বিস্ফোরণ ঘটলে শিক্ষার্থী ও আশপাশের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, টানা কয়েক দিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী রাকিবুল বলেন, ‘পরীক্ষা শেষ করে মাত্রই মলচত্বরে এসে দাঁড়ায়েছি, একবারে কাছেই বিজনেস স্টাডিজ অনুষদের সামনে বিকট শব্দে দুটো ককটেল বিস্ফোরিত হলো। একজন আহত হয়েছেন।’
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি প্রাঙ্গণে ছাত্রলীগের ককটেল হামলায় আহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দলীয় প্রশাসনের নির্লজ্জ ব্যর্থতার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির৷

