শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ না করলে দ্বিতীয়বার সামনে আসব না: রাবি উপাচার্য

শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে না পারলে দ্বিতীয়বার সামনে আসবেন না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।
শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসন, ভাসমান ক্যান্টিন, মেডিকেল সেন্টারের সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি, তিনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং খুব দ্রুত আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন। অল্প সময়ে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে কি না জানি না, তবে আমার প্রশাসন কাজ শুরু করতে চায়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমি এমন সম্ভাবনাময় তরুণ-তরুণীদের সামনে দাঁড়িয়ে আছি, যারা আগামীর বাংলাদেশের কান্ডারি। যারা ভবিষ্যৎ বাংলাদেশের হাল ধরার জন্য প্রস্তুত হতে আমাদের এই ক্যাম্পাসে এসেছে। তোমাদের আগামী দিনের পথচলা সুষ্ঠু ও সুন্দর হোক।
এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় তার দীর্ঘ ঐতিহ্য ধারণ ও সৃষ্টি করে সামনে এগিয়ে যাচ্ছে। অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ। শুধু মেধা নয়, তোমাদের অধ্যবসায়, পরিশ্রম ও চর্চার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকতে হবে। মেধার সঙ্গে পরিশ্রম ও অধ্যবসায় যুক্ত করতে পারলে পৃথিবীর যে কোনো কিছু জয় করা সম্ভব।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ অবশ্যই থাকবে। তবে স্বাধীনতা কখনোই দায়িত্বহীনতা নয়। মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও থাকতে হবে।



