বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচি কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ কয়েকেজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের অপজিটে এ ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্রশিবির মিছিল বের করলে ছাত্রদলের নেতাকর্মীরা এতে বহিরাগত অংশগ্রহণের অভিযোগ তুলে মিছিল বন্ধ করতে বলেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু বলেন, আওয়ামী লীগের পেতা আত্মারা জুলাইয়ের এমন প্রোগ্রামে বাধা দিয়েছে। শান্তিকামী ছাত্রজনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টরের সামনেই এমন ঘটনা ঘটেছে।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শিবিরের কর্মসূচিতে বহিরাগতদের আনা হয়েছিল। তারা আমাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। জুলাই আন্দোলনের পর এ ধরনের হামলা আমরা প্রত্যাশা করি না। আমি এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার বেলা সাড়ে ১১টা) বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পেলে সংবাদে যুক্ত করা হবে।
.png)

