ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ডিআইইউতে শিক্ষার্থীদের মানববন্ধন

শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিকালে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় তারা ‘বিচার, বিচার, বিচার চাই’, ‘হাদি হত্যার বিচার চাই’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ নানা স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য দেন ডিআইইউর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান, মো. নাজমুছ ছাকিব ও মো. শোয়াইব হোসাইন।
বক্তব্যে মেহেদী হাসান বলেন, আমরা কোনো রাজনৈতিক স্লোগান দিতে আসিনি। আমরা এসেছি একটি প্রশ্নের উত্তর চাইতে—ওসমান হাদি হত্যার বিচার কোথায়? সরকার পরিবর্তন হলেও হত্যার বিচার কেন হচ্ছে না—সে প্রশ্ন তুলে তিনি বলেন, তাদের দাবি কোনো প্রতিশোধ নয়; বরং সুষ্ঠু তদন্ত, সত্য প্রকাশ ও ন্যায়বিচারপ্রাপ্তি।
অন্য বক্তা নাজমুছ ছাকিব বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিয়ে দীর্ঘসূত্রতা কোনোভাবেই কাম্য নয়। বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
শোয়াইব হোসাইন বলেন, শুধু ওসমান হাদি নয়, সব শহীদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তিনি।
শিক্ষার্থীরা সম্মিলিতভাবে জানান, বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবার জুমার নামাজের পর এই মানববন্ধন কর্মসূচি অব্যাহত রাখবেন তারা।
শরীফ ওসমান বিন হাদি ছিলেন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র। ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



