‘সংসদে মা-বোনদের হিজাব নিয়ে কটূক্তি করা হয়েছে’

জাতীয় সংসদে হিজাব নিয়ে দেওয়া একটি বক্তব্যে আপত্তি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি ক্যাম্পাসের বটতলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে মিলিত হয়। মিছিলে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় ‘হিজাব, নিকাব, পর্দা আমার মায়ের মর্যাদা, হিজাব নিয়ে বিদ্বেষ রুখে দাও বাংলাদেশ, বিএনপির অনেক গুণ, ১০০ দিনে ৬০০ খুন, ধর্ষক আর চাঁদাবাজ, মিলেমিশে একাকার’ শীর্ষক স্লোগান দেন তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ‘সংসদে মনিরুল হক চৌধুরী আমাদের মা-বোনদের হিজাব নিয়ে কটূক্তি করেছেন। ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য তাকে অতিসত্বর বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। বিএনপির যেসব সংসদ সদস্য টেবিল চাপড়েছেন তাদেরকেও ক্ষমা চাইতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইসলাম বিদ্বেষিতার মহোৎসব চলছে। যে যত বেশি ইসলাম বিদ্বেষ ছড়াতে পারবে, তার পদ যেন তত বড় হচ্ছে। এটা যদি বিএনপির দলীয় সিদ্ধান্ত হয়, তাহলে জনতা তাদের উচ্ছেদ করতে বাধ্য হবে। বিএনপি ভারতকে খুশি করার জন্য ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে। তারা ইসলামী ব্যাংক ও আন-দ্বীন হাসপাতালে আঘাত হেনেছে।’
মানববন্ধনে নারী শিক্ষার্থী তানজিম রহমান বলেন, ‘আপনারা মুসলিম হিজাব-নিকাব পরা মা-বোনদের দিকে কাদা ছোড়ার চেষ্টা করেছেন। হিজাব হচ্ছে আমার অধিকার, হিজাব আমাদের আত্মমর্যাদার প্রতীক। শুধু শাড়ি কিংবা কোনো বিষয় নিয়ে কথা বললেই শাহবাগীরা রাস্তায় নেমে যায়। সুশীল সমাজ আজকে কোথায়? সরকারকে মনিরুল হক চৌধুরীর বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ জাতির সামনে দেখাতে হবে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’
