Advertisement

শাহ সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ

এশিয়া পোস্ট ডেস্ক
শাহ সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে মুন্সিগঞ্জে অবস্থিত শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে এক শিক্ষামূলক শিল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

এই পরিদর্শনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১০ জন শিক্ষার্থী এবং ১০ জন শিক্ষক অংশ নেন। পুরো কার্যক্রমটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তাহমিদ মোস্তফা এবং প্রভাষক ফারজানুল ইসলাম হিমেলের নেতৃত্বে পরিচালিত হয়।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা শাহ সিমেন্টের আধুনিক ও বৃহৎ পরিসরের উৎপাদন ব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পান। তারা বিশ্বের বৃহত্তম ভার্টিক্যাল রোলার মিল পরিদর্শন করেন এবং এর কার্যপ্রণালি, ব্যবহৃত প্রযুক্তি ও সিমেন্ট উৎপাদনে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

এছাড়াও শিক্ষার্থীরা সিমেন্ট উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল, সেগুলোর প্রক্রিয়াজাতকরণ এবং সিমেন্ট তৈরির প্রতিটি ধাপ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন। আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা কীভাবে পরিচালিত হয়, তা বুঝতে তারা সেন্ট্রাল কন্ট্রোল রুম পরিদর্শন করেন এবং সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়ার পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সরাসরি প্রত্যক্ষ করেন।

পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ফ্যাক্টরির ল্যাবরেটরি ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগ ঘুরে দেখেন। সেখানে সিমেন্টের মান নিশ্চিতকরণে বিভিন্ন ধরনের পরীক্ষা, মান নিয়ন্ত্রণ পদ্ধতি এবং পরীক্ষাগারভিত্তিক কার্যক্রম সম্পর্কে তারা অভিজ্ঞতা লাভ করেন।

পাশাপাশি তারা সিমেন্টের ব্যাগ উৎপাদন কারখানাও পরিদর্শন করেন। সেখানে বৃহৎ পরিসরে সিমেন্টের ব্যাগ তৈরির প্রক্রিয়া, ব্যবহৃত প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে তারা বিস্তারিত জানতে পারেন। তাছাড়া ফ্যাক্টরির স্টোরেজ ও উপকরণ সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শনের মাধ্যমে শিল্পকারখানায় কাঁচামাল ও প্রস্তুত পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কেও স্পষ্ট ধারণা পান তারা।

শিল্প পরিদর্শনের শেষ পর্যায়ে এক সংক্ষিপ্ত সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সিমেন্ট উৎপাদন, কাঁচামাল, মান নিয়ন্ত্রণ, আধুনিক প্রযুক্তি ও প্রকৌশল-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন করার সুযোগ পান।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ মনে করে, এ ধরনের শিল্প পরিদর্শন শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও শিল্পমুখী জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় পেশাগত দক্ষতা গড়ে তুলতে পারবেন।

শিক্ষামূলক এই পরিদর্শন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা ও আতিথেয়তার জন্য শাহ সিমেন্ট কর্তৃপক্ষের প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।