পায়ের প্যাড হাতে পরে মাঠে নামলেন শিবিরকর্মী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে চলমান সংঘর্ষের মধ্যে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসাতেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) সংঘর্ষ চলাকালে মাদরাসার সামনে এক শিবিরকর্মীকে ক্রিকেট খেলার পায়ের প্যাড হাতে নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওটিতে দেখা যায়, একটি সড়কের ওপর ধাওয়া-পাল্টাধাওয়ার সময় দুই পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠি, লোহার পাইপ ও মাথায় হেলমেট ছিল। এ সময় একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তেও দেখা যায়। এর মধ্যেই এক যুবককে হাতে ক্রিকেট প্যাড পরা অবস্থায় দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠি, লোহার পাইপ ও ইটপাটকেল দেখা যায়। অনেকের মাথায় ছিল হেলমেট। ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামনের সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষার্থী জানান, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে ছাত্রদলের হামলার হাত থেকে বাঁচতেই তিনি ক্রিকেট প্যাডটি আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করছেন।



