নারী শিক্ষার্থীদের জন্য ‘অরুণিমা কর্নার’ হবে: কুবি উপাচার্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নারী শিক্ষার্থীদের জন্য ‘অরুণিমা কর্নার’ নামে একটি বিশেষ বিশ্রাম কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
রোববার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
উপাচার্য জানান, নারী শিক্ষার্থীদের জন্য প্রস্তাবিত এই কর্নারে বিশ্রামের পৃথক স্থান, স্বাস্থ্যসম্মত ওয়াশরুম, নামাজের ব্যবস্থা এবং ক্লাসের মধ্যবর্তী অবসরে স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর সুযোগ থাকবে। এ ছাড়া প্রয়োজনানুসারে সেখানে একটি পৃথক ব্রেস্টফিডিং (স্তন্যদান) কর্নারও স্থাপন করা হবে।
বক্তব্যে উপাচার্য আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের ক্যান্টিন এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মান যাচাই-বাছাই করা হচ্ছে। আগামী আট থেকে দশ দিনের মধ্যে একটি পরিদর্শন কমিটি গঠন করা হবে, যা নিয়মিতভাবে খাবারের মান তদারকি করবে।
এ ছাড়া শিক্ষার্থীদের কল্যাণে পরিবহন ব্যবস্থার উন্নয়ন, অডিটোরিয়ামের সুবিধা বৃদ্ধি এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে উপাচার্য আশ্বাস দেন।





