Advertisement

‘আমি জগন্নাথের শের’ বলা সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

এশিয়া পোস্ট ডেস্ক
‘আমি জগন্নাথের শের’ বলা সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার
ছবি : সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য মো. শের আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ‘আমি জগন্নাথের শের, তোকে আজ মেরেই ফেলব’ বলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠা পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. শের আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসানান আল আবিত সাবায়েত প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগে তিনি বলেন, গভীর রাতে ক্যাম্পাসে তার ছোট ভাই, হবু স্ত্রী ও ছোট ভাইয়ের এক বন্ধুকে নিয়ে অবস্থানকালে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শের আলী ও ভূগোল বিভাগের এক শিক্ষার্থী মোটরসাইকেলে আসেন। তারা কোনো কিছু না জিজ্ঞেস করেই তার ছোট ভাই ও বন্ধুকে মারধর শুরু করেন।

আরও বলা হয়, শোরগোল শুনে ঘটনাস্থলে গেলে শের আলী পাশের একটি চায়ের দোকান থেকে পেরেকযুক্ত কাঠের তক্তা এনে তাকে মারধর করেন এবং বলেন, ‘আমি জগন্নাথের শের, তোকে আজ মেরেই ফেলব।’

হামলার সময় তার হবু স্ত্রীকে মানসিকভাবে হেনস্তা করা হয় এবং তাকে আঘাতের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করেন সাবায়েত।