ব্লকেড কর্মসূচিতে অচল ডুয়েট, মূল ফটকে শিক্ষার্থীদের তালা

নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) চলমান আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। মূল ফটকে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি সোমবার (১৮ মে) সকাল থেকে পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব ধরনের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা টুইটার মূল গেট বন্ধ করে দিয়েছে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। আজও ডুয়েট এবং আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তারা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছে বলে জানা যায়।
এর আগে গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবারে শিক্ষার্থীরা ডুয়েটের মধ্যে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা জয়দেবপুর শিমুলতলী রাস্তা অবরোধ করে। শুক্রবারেও তাদের আন্দোলন চলমান থাকে। শনিবারে তারা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিবির সমর্থিত ও ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যে বহিরাগতরা এই আন্দোলনে প্রবেশ করলে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এক হয়ে রোববার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।
চলমান এই ইস্যুতে স্থানীয় ও ক্যাম্পাস ছাত্রদল-শিবিরের নেতাকর্মীদের স্পষ্ট অবস্থান ও বক্তব্য পাওয়া যায়নি। তবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি থেকে পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া হয়েছে।
এদিকে রোববার রাতে ডুয়েটিয়ানদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি করতে দেওয়া হবে না। দলের হয়ে কেউ ডুয়েটে রাজনীতি করতে পারবে না।
এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।
