logo
Advertisement

ইউসিএসআই ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক

ইউসিএসআই ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ওরিয়েন্টেশনে বক্তব্য রাখছেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. এইচ এম জহিরুল হক। ছবি : এশিয়া পোস্ট

বাংলাদেশি শিক্ষার্থীদের দেশেই আন্তর্জাতিক ডিগ্রি অর্জনের সুযোগ করে দিয়েছে মালয়েশিয়ার খ্যাতনামা ইউসিএসআই ইউনিভার্সিটি। কিউএস ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে শীর্ষস্থানীয় এই বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ ক্যাম্পাসে সেপ্টেম্বর ২০২৬ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হলরুমে দুই পর্বে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। এতে নতুন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। এর মাধ্যমে ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে তরুণ শিক্ষার্থীদের আরও একটি নতুন ব্যাচের উচ্চশিক্ষার যাত্রা শুরু হলো। নবীনদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর বনানীর ক্যাম্পাসটি।

অনুষ্ঠানে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর ড. এইচ এম জহিরুল হক নতুন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

নবীনদের স্বাগত জানিয়ে আরও বক্তব্য দেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সাইন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের ডিন প্রফেসর সৈয়দ আখতার হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের (এফবিএম) ডিন মোহাম্মদ জে মুনির এবং ফ্যাকাল্টি অব সোশ্যাল সাইন্স অ্যান্ড লিবারেল আর্টসের ডিন ড. জোহা রহমান। অভিভাবকদের উদ্দেশে বক্তব্য দেন প্রভোস্ট মেজর সুমন সুবহান (অব.)। ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার প্রফেসর ড. শাহ সামিউর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুই জ্যেষ্ঠ শিক্ষার্থী নোরা সাবরিন রাহা ও আবিদা আফসারা গোলন্দাজ।

বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে নতুন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।

প্রো-ভিসি প্রফেসর কুশাইরি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তোমরা এবং তোমাদের অভিভাবকরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়টি বিশ্বের শীর্ষ ৩০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম এবং এশিয়ায় এর অবস্থান অষ্টম। একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে তোমরা উচ্চশিক্ষার যাত্রা শুরু করছ। এর মাধ্যমে নিজেদের, পরিবারের এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো।

প্রফেসর ড. এইচ এম জহিরুল হক বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটির প্রধান বৈশিষ্ট্য হলো—শিক্ষার মান, কর্মমুখী ও শিল্প-সংশ্লিষ্ট কারিকুলাম। এটি কেবল মালয়েশিয়ার নয়, বিশ্বেরও অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান।

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের ওপর আস্থা রাখার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষকরা নতুন শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, কারিকুলাম, কোর্স অবকাঠামো, পাঠদান পদ্ধতি, পরীক্ষা ও সহশিক্ষা কার্যক্রম (এক্সট্রা কারিকুলাম) সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। ব্রিফিং শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস, ক্লাসরুম, সেমিনার রুম, ল্যাব, লাইব্রেরি ও স্পোর্টস জোন ঘুরে দেখেন।