পাঁচ বছর পর নতুন নেতৃত্ব পেল হাবিপ্রবি ছাত্রদল

প্রায় পাঁচ বছর পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই নতুন কমিটির অনুমোদন দেয়।
মঙ্গলবার (৭ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি (অ্যাগ্রিকালচার) অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. এহসানুল কবির অর্ণব এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি (ইকোনমিকস) বিভাগের ২১ ব্যাচের মো. মাসুদ রানা।
কমিটির অন্য পদাধিকারীরা হলেন সিনিয়র সহসভাপতি কৃষি অনুষদের ১৭ ব্যাচের মো. সানজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের মো. রুকুনুর জামান এবং সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০ ব্যাচের রিদওয়ান হাসান।
এর আগে, ২০২১ সালের ১৬ জুন হাবিপ্রবি শাখা ছাত্রদলের ২৫ সদস্যবিশিষ্ট সর্বশেষ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির দীর্ঘ পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলে নতুন এই আংশিক কমিটির মাধ্যমে নতুন নেতৃত্ব এলো।





