টিএসসির দোকান বরাদ্দে উন্মুক্ত টেন্ডার চায় জকসু

এশিয়া পোস্ট নিউজ, জবি
টিএসসির দোকান বরাদ্দে উন্মুক্ত টেন্ডার চায় জকসু
জকসু লোগো। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) টিএসসি সংস্কারকে কেন্দ্র করে চার দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

শনিবার (১১ জুলাই) জকসুর ভেরিফায়েড ফেসবুক পোস্ট থেকে এ দাবি উত্থাপন করা হয়।

জকসুর চার দফা দাবির মধ্যে রয়েছে—উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে সবার উপস্থিতিতে দোকান বরাদ্দ দিতে হবে, দোকান বরাদ্দ দেওয়ার আগেই পণ্যের মূল্য লিখিতভাবে নির্ধারণ করতে হবে, চলতি মাসের মধ্যেই টিএসসি সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে, টিএসসির জমি দ্রুত বিশ্ববিদ্যালয়ের নামে ক্রয় করতে হবে।

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র একটি ক্যান্টিন রয়েছে। এর মধ্যে টিএসসি হিসেবে ব্যবহৃত স্থানটির সংস্কারকাজ দীর্ঘদিন ধরে চলমান থাকায় শিক্ষার্থীরা প্রতিদিন খাবার ও প্রয়োজনীয় সেবা পেতে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি এর সংস্কারের দায়িত্ব নিলেও কাজের স্বচ্ছতা এবং গতিশীলতা আমাদের কাছে এখনও স্পষ্ট নয়। আমরা চাই দ্রুত, স্বচ্ছ ও মানসম্মতভাবে সংস্কারকাজ শেষ হোক।

তিনি আরও বলেন, টিএসসির দোকান বরাদ্দ নিয়ে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন শোনা যাচ্ছে। আমরা চাই, বরাদ্দ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ হোক এবং দোকানগুলো শিক্ষার্থীবান্ধবভাবে পরিচালিত হোক, যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাবার সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। এসব দাবি নিয়ে আগামী রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করব এবং শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাব।