সন্তান হারিয়ে বিচারের জন্য আদালতে ঘুরছেন অপ্রতিমের বাবা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার পেতে আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে তার বাবাকে। এদিকে অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বাংলা বিভাগের অধ্যাপক ও কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী।
তিনি বলেন, সন্তান হারানো একজন পিতার মানসিক অবস্থা কেমন হতে পারে, তা আমরা বুঝি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে ও বিষয়গুলো তদারকি করতে অপ্রতিমের বাবাকে আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে।
তিনি আরও বলেন, অপ্রতিম হত্যার ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ চালিয়ে যাবেন। প্রয়োজনে তারা শান্তিপূর্ণভাবে রাজপথে দাঁড়াবেন।
অভিযুক্তদের বয়স নিয়ে ওঠা প্রশ্নের সুষ্ঠু তদন্ত দাবি করে অধ্যাপক মিলকী বলেন, অপ্রতিমের বাবা অভিযুক্তদের জৈবিক বয়স নির্ধারণের জন্য আদালতে আবেদন করেছেন। এ পরীক্ষায় কোনো ছলচাতুরী না করে প্রকৃত সত্য তুলে ধরতে হবে। বিচারপ্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রহসন তারা মেনে নেবেন না।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অপ্রতিম হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করার যে আশ্বাস দেওয়া হয়েছে, তার বাস্তবায়ন দেখতে চান তারা। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লার লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
