Advertisement

নোবিপ্রবির কোষাধ্যক্ষ পদে আলোচনায় অধ্যাপক হাছান উদ্দীন

এশিয়া পোস্ট নিউজ, নোবিপ্রবি
নোবিপ্রবির কোষাধ্যক্ষ পদে আলোচনায় অধ্যাপক হাছান উদ্দীন
অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে নিয়োগকে ঘিরে আলোচনায় এসেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনের নাম।

বর্তমানে তিনি পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের (বিবিএ ফ্যাকাল্টি) ডিন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

এদিকে, নোবিপ্রবির কোষাধ্যক্ষ পদে তার নাম আলোচনায় আসার পর পবিপ্রবির ২০১০ সালে প্রকাশিত একটি ম্যাগাজিন ঘিরে নোবিপ্রবিতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পবিপ্রবির বঙ্গবন্ধু পরিষদ প্রকাশিত ‘রক্তঝরা ১৫ আগস্ট’ শীর্ষক ওই ম্যাগাজিনে অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনকে সংগঠনটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর একজন সক্রিয় সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউট্যাবের পবিপ্রবি শাখার পক্ষ থেকে ফেনী-২ আসনে নির্বাচনি দায়িত্বও পালন করেছেন তিনি।

এছাড়াও, শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক পদায়নপত্রের মাধ্যমে অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনকে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পদায়নপত্রে উল্লেখ করা হয়, সংগঠনের স্বার্থ ও তার কর্মদক্ষতা বিবেচনায় তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। পাশাপাশি তাকে জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক আয়োজিত বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণ করতে দেখা যায়। ২০১১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরাম আয়োজিত একটি র‍্যালিতে অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনের অংশগ্রহণের ছবি প্রকাশিত হওয়ার বিষয়টিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে মতে, অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে নিয়োগের বিষয়ে সরকারের সবুজ সংকেত রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই এ প্রজ্ঞাপন জারি হতে পারে।ারা।

বিষয় :নোয়াখালী