জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, ইতিহাস পরিবহনের ১২ বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীর সঙ্গে বাসে দুর্ব্যবহার ও শারীরিকভাবে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে ইতিহাস পরিবহনের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহনটির ১২টি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীরা বাসগুলো আটক করেন।
ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, রোববার (১ নভেম্বর) ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি একটি বাসে ওঠেন। তবে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে পরিবারের সদস্যরা তাকে ক্যাম্পাসে ফিরে আসতে বলেন। পরে সড়ক পার হয়ে তিনি ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন।
ওই ছাত্রী জানান, হেমায়েতপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের নির্ধারিত ভাড়া ১০ টাকা হলেও বাসের কন্ডাক্টর তার কাছ থেকে ২০ টাকা নেন। পরে নির্ধারিত স্থানে বাস না থামিয়ে তাকে চলন্ত বাস থেকে নামতে বলা হয়। বাস থামানোর পর নামবেন জানালে কন্ডাক্টর তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। এসময় চিৎকার করলে ওই কর্মী আর এগোননি। বাস থেকে নামার পর তাকে ও তার সঙ্গে থাকা আরেকজনকে উদ্দেশ করে গালাগাল করা হয় বলেও অভিযোগ করেন ওই ছাত্রী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শায়লা শারমিন সেতু এশিয়া পোস্টকে বলেন, এ ধরনের ঘটনা নতুন নয়। প্রায়ই এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। বাস সংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার সতর্ক করার পরও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নেব।
