logo

ড্যাফোডিল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর মৃত্যু

ড্যাফোডিল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর মৃত্যু
বাঁয়ে জান্নাতুল ফেরদৌস ইবনাত এবং ডানে আরফীন রিফাত। ছবি: ডিআইইউ'র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরফীন রিফাত।

গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস ইবনাত বিবিএ (২৩২ ব্যাচ, ৬৫তম ব্যাচ)-এর শিক্ষার্থী ছিলেন। গতকাল রোববার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার সংবাদমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চানগাঁও এলাকার একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দেন ইবনাত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে দুদিন লড়াই করার পর রোববার রাতে তার মৃত্যু হয়।

অন্যদিকে একই দিনে বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরফীন রিফাতেরও মৃত্যু ঘটে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

দুই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় উল্লেখ করা হয়, ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরফীন রিফাত এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাতের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’