‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে গত ৪ আগস্ট এশিয়া পোস্টে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এশিয়া পোস্টের সম্পাদক বরাবর তিনি এক প্রতিবাদলিপি পাঠান।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, গত ৪ আগস্ট এশিয়া পোস্টে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকেরগোপন তৎপরতা’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদের বিষয়বস্তুর সঙ্গে আমার কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই।
তার দাবি, প্রতিবেদনে কোনো প্রকার তথ্য যাচাই বা সরাসরি যোগাযোগ ছাড়াই তার নাম জড়ানো হয়েছে। এ জন্য তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, প্রকৃত সত্য এই যে—১. টেলিগ্রাম গ্রুপ বা কোনো গোপন কার্যক্রমের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এবং এখনও নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম যুক্ত করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। ২. শিক্ষকতা একটি সম্মানজনক পেশা, শিক্ষক হিসেবে সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছি।
এই সংবাদের সঙ্গে তার নাম জড়িত থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করে তিনি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের কাছে বিষয়টি যথাযথভাবে সংশোধনপূর্বক এই প্রতিবাদলিপি প্রকাশের অনুরোধ করেন।
