logo

গবেষণা মাঠ ফেরতে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

গবেষণা মাঠ ফেরতে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা
সড়ক অবরোধ করে আন্দোলন করেন শেকৃবি শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিজস্ব গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এসময় ‘গবেষণায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশসহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আগারগাঁও থেকে বিজয় সরণি পর্যন্ত সড়কে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত জমির অভাবে অ্যাকাডেমিক কার্যক্রম ও গবেষণা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা মাঠ ফিরিয়ে দিতে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমাদের ক্যাম্পাস ও মাঠ উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এতে সাময়িক কিছু অসুবিধা হলেও বিশ্ববিদ্যালয় ও নগরবাসীর বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিতে রাজি আছি।

তিনি আরও বলেন, পরিবেশ ও নগর পরিকল্পনার বিবেচনায় এই মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত শেরেবাংলা নগরবাসীর জন্য চরম অবিচার।

বৃহস্পতিবারের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হয়ে শিক্ষার্থীরা আগারগাঁওয়ের চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নেন। পরে তারা বিজয় সরণি-মিরপুর মহাসড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত কমপ্লেক্সের সামনে গিয়ে স্লোগান দেন। এসময় সড়কে অবরোধের কারণে যানচলাচল ব্যাহত হয়। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ চালিয়ে যান তারা।

এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। একই দিন পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে মেলা সরিয়ে নিতে কর্তৃপক্ষকে সময় বেঁধে দেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে মেলা বন্ধ না হওয়ায় বুধবার (২৮ অক্টোবর) মাঠে গিয়ে মেলার প্রবেশগেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মাঠটি পুনরুদ্ধারের দাবিতে গত ১৫ অক্টোবর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। এসময় শিক্ষকদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপিও প্রদান করে।

শিক্ষার্থীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের জন্য ফিরিয়ে দিতে হবে। তাদের মতে, কৃষি গবেষণা ও উচ্চশিক্ষার প্রয়োজনে পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা জরুরি। তাই মাঠটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।