logo
Advertisement

ইবিতে শিবির-ছাত্রদল উত্তেজনা, প্রক্টরের তৎপরতায় সংঘর্ষ এড়াল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ইবি
ইবিতে শিবির-ছাত্রদল উত্তেজনা, প্রক্টরের তৎপরতায় সংঘর্ষ এড়াল
ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। ছবি: এশিয়া পোস্ট

শিবির নেতাকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে চলে যান। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ প্রক্টরিয়াল বডির তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।

Advertisement

জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের জিয়া হল সেক্রেটারি কাজী জুহায়েরকে চড় মারেন শাখা ছাত্রদলের সদস্য আলীনূর রহমান। এ ঘটনার পর দুই পক্ষের নেতাকর্মীরা জিয়া হলে জড়ো হলে উত্তেজনা তৈরি হয়। এর মধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের নিয়ে রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন।

শিক্ষার্থীরা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়। প্রক্টর অফিসে উভয় পক্ষের নেতাদের নিয়ে আবারও বৈঠক করা হয়। এতে সমঝোতার পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। অভিযুক্ত শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।

সার্বিক বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, ভিসির নির্দেশনা অনুযায়ী প্রক্টরিয়াল বডির মাধ্যমে ওই শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পুরো ক্যাম্পাস টহল দেওয়া হয়। নিরাপত্তা জোরদার করা এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।