logo

ডেঙ্গুতে প্রাণ গেল কুবির সাবেক শিক্ষার্থী সুমনের

ডেঙ্গুতে প্রাণ গেল কুবির সাবেক শিক্ষার্থী সুমনের
সুমন শেখ। ছবি : ফেসবুক থেকে পাওয়া

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সুমন শেখ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

সুমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী শাহরিয়ার আহমেদ। তিনি জানান, অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার সুমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রথমে তার অসুস্থতাকে সাধারণ সমস্যা মনে করে সেখানে শনিবার পর্যন্ত চিকিৎসা নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির পর থেকেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

শাহরিয়ার আহমেদ বলেন, হাসপাতালে আমি ও সুমনের এক বোনের জামাই রয়েছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসছেন। আমরা মরদেহ বাড়িতে নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। রাতে সম্ভব হলে বাড়ির উদ্দেশে রওনা দেব। তবে পরিবারের সদস্যরা কখন আসেন এবং হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করতে কত সময় লাগে, তার ওপর বিষয়টি নির্ভর করছে।

সুমন শেখের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকায় বলে জানা গেছে। তার মৃত্যুতে সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।