ফেসবুক ব্যবহার করে অন্যের মানসিক ক্ষতি না করার আহ্বান চবি প্রো-ভিসির

সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার চর্চার পাশাপাশি অন্যের মানসিক স্বাস্থ্যের প্রতি সংবেদনশীল থাকতে হবে। ফেসবুক ব্যবহার করে অন্যের মানসিক স্বাস্থ্যের ক্ষতি না করার জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
রোববার (১১ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
চবির মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
বক্তব্যে চবি উপ-উপাচার্য বর্তমান সমাজের নানা অসঙ্গতি ও মানসিক সংকটের চিত্র তুলে ধরে বলেন, বর্তমান সমাজে সহিংসতা, অসহিষ্ণুতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান ও হেয়প্রতিপন্ন করার প্রবণতা উদ্বেগজনক। সামান্য বিরোধ কিংবা অনলাইনে লেখা কোনো মন্তব্যকে কেন্দ্র করে কেউ কেউ চরম মানসিক সংকটে পড়ছেন।
তিনি আরও বলেন, এসব ঘটনা মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে। সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে সেই স্বাধীনতা যেন অন্যের মানসিক ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, মানসিক স্বাস্থ্যসেবাকে শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে সচেতনতা, সহমর্মিতা, কাউন্সেলিং ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে আরও বিস্তৃত করা সম্ভব। এ ক্ষেত্রে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও প্রশাসনের সহযোগিতায় সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা সহজ হবে। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে মানসিক স্বাস্থ্যসেবার উদ্যোগ আরও জোরদার করার জন্য তিনি মনোবিজ্ঞান বিভাগের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘জীবনের অভিজ্ঞতা শুনি; সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’ প্রতিপাদ্য নিয়ে বক্তব্য দেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শাহীনুর রহমান। তিনি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, জীবনের অভিজ্ঞতা ভাগাভাগি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন।
মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. অরুণাভ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসাইন। সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক লাইলুন নাহার। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, জীববিজ্ঞান অনুষদ ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
