জাবি ছাত্রশক্তির এক নেতা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হোসেনকে সংগঠনের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রাব্বি হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান এশিয়া পোস্টকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাব্বি হোসেন শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তার ওই পোস্টকে সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থি হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় সংসদ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, রাব্বি হোসেনের ওই শুভেচ্ছা বার্তা খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তবে বহিষ্কারের বিষয়ে রাব্বি হোসেনের ভিন্ন বক্তব্য রয়েছে। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, শেখ হাসিনাকে দেওয়া জন্মদিনের শুভেচ্ছাটি তিনি ‘সার্কাজম’ হিসেবে লিখেছিলেন। তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনে তিনি সরাসরি অংশ নিয়েছেন এবং শেখ হাসিনার ‘স্বৈরতন্ত্রের’ বিরুদ্ধে লড়াই করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ হয়নি।
