logo

সাংবাদিকদের দাবির মুখে রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি

সাংবাদিকদের দাবির মুখে রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি
রাবির প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের আলোচনা। সোমরাত রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে। ছবি: প্রথম আলো

সাংবাদিকদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষকে অধ্যাপক মাহবুবুর রহমানকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে আন্দোলনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত জানান উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

উপাচার্য বলেন, আমরা ৭২ ঘণ্টার মধ্যে তদন্তের রিপোর্ট পাব এটাই আশা। এরপর প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যে শাস্তির বিধান আছে, তা নিশ্চিত করা হবে। এরপর পরবর্তী তদন্তের জন্য সিন্ডিকেট সভা ডেকে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সিদ্ধান্তের ওপর আস্থা রাখুন।

আন্দোলনরত সাংবাদিকরা বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছয়টি দাবি জানিয়েছিলাম। এর মধ্যে একটি দাবি তারা মেনে নিয়েছে হল প্রভোস্টকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে। বাকি পাঁচটি দাবি বাস্তবায়নের জন্য প্রশাসন তিন দিন সময় চেয়েছে।

এই তিন দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতেদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটার পরও হল প্রভোস্ট তাৎক্ষণিকভাবে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ সাংবাদিকদের। তারা বলেন, হামলার সিসিটিভি ফুটেজ চাওয়া হলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

এর আগে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন।

এ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় ছাত্রদল তিন নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে ছয় নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।