logo
Advertisement

এশিয়া পোস্টের সংবাদ: কুবির ১১ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজকুবি
এশিয়া পোস্টের সংবাদ: কুবির ১১ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফেটক। ছবি: সিংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১১ শিক্ষকের নাম একটি অনুসন্ধানী প্রতিবেদনে আসার পর তাদের পরিচয় ও ভূমিকা খতিয়ে দেখতে চার সদস্যের এক ‘ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৪ ও ৫ আগস্ট ‘এশিয়া পোস্ট’সহ বিভিন্ন জাতীয় দৈনিকে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের পরিপ্রেক্ষিতে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর তৎপরতা ও সম্ভাব্য নাশকতামূলক পরিকল্পনার সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত ১১ জন (এবং সংশ্লিষ্ট অন্য কেউ থাকলে তাদেরও) শিক্ষকের সম্পৃক্ততা ও কার্যক্রম নিরূপণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফয়সল বিন আবদুল আজিজ, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক পিন্টু চন্দ্র পাল এবং সদস্য-সচিব সহকারী রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান।

অফিস আদেশে উক্ত কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে নিরপেক্ষ অনুসন্ধান শেষে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।