logo

শিক্ষার্থীদের ওপরে গাড়ি তুলে দিলেন ঢাবি শিক্ষকের ছেলে, আহত ৬

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
শিক্ষার্থীদের ওপরে গাড়ি তুলে দিলেন ঢাবি শিক্ষকের ছেলে, আহত ৬
ঢাবিতে শিক্ষার্থীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি: এশিয়া পোস্ট

ক্লাস চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ছয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এই ঘটনা ঘটে।

এ সময় গাড়ির ড্রাইভিং সিটে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলামের ছেলে ছিলেন। তার নাম সাদমান বলে জানা গেছে। তিনি এ সময় ড্রাইভিং শিখছিলেন।

আহত শিক্ষার্থীরা সবাই মার্কেটিং বিভাগের ৩২ ব্যাচের শিক্ষার্থী। শিক্ষার্থীরা হলেন- জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাশফিয়া তাবাসসুম ও সিদরাতুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা বিজনেস স্টাডিজ অনুষদের সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ গাড়িটি তাদের উপরে উঠে যায়। ঘটনাস্থলে শিক্ষার্থীরা আহত হলে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যায় সহপাঠীরা।

এ দিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এ নিয়ে বিভিন্ন পোস্ট করছেন।

তারা বলছেন, দিনে দুপুরের এফবিএস এর সামনে ৬-৭ জন শিক্ষার্থীর উপর গাড়ি তুলে দেওয়া হলো। একটা বিশ্ববিদ্যালয় এলাকা, ক্লাস টাইমে শিক্ষার্থীদের দ্বারা পরিপূর্ণ, সে সময় কেউ কীভাবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারে? তাও আবার এটা নাকি তার ফার্স্ট ড্রাইভিং। মানে এফবিএস কবে থেকে ড্রাইভিং প্রশিক্ষণের জায়গা হলো? নিজেদের ক্যাম্পাসেও শিক্ষার্থীরা নিরাপদ নয়।

ঘটনাস্থালে উপস্থিত শিক্ষার্থীরা সাদমানকে আটক করলে প্রথমবার গাড়ি চালানোর বিষয়টি তিনি স্বীকার করেন।