বিশ্বকাপ খেলা দেখা নিয়ে শাবিপ্রবি ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ

এশিয়া পোস্ট নিউজ, শাবিপ্রবি
বিশ্বকাপ খেলা দেখা নিয়ে শাবিপ্রবি ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ
আহত শিক্ষার্থী আশরাফুল। ছবি : এশিয়া পোস্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার সময় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী নাফিসের কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা হয়ে গেলেও কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় আবারও উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় নাফিসের বন্ধু এবং ছাত্রদলের কর্মী কাফি কাউসার ও তার সহযোগীরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে মারামারিতে লিপ্ত হয়।

সংঘর্ষের ঘটনায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী আশরাফুল মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় আরও একজন সামান্য আহত হয়েছেন।

ঘটনার পর পরই উত্তেজিত নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। সেখানে শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রক্টরিয়াল বডির মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, ছাত্রদলের নিজেদের ভেতরের ঝামেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। আর বিষয়টি যেহেতু ছাত্রদলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়, তাই তাদের জ্যেষ্ঠ নেতাকর্মীদের উপস্থিতিতে প্রক্টর অফিসেই মীমাংসা করা হয়েছে।