logo
Advertisement

শুধু একাডেমিক জ্ঞান নয়, পেশাগত দক্ষতাও জরুরি: নোবিপ্রবি উপাচার্য

এশিয়া পোস্ট নিউজ, নোবিপ্রবি

শুধু একাডেমিক জ্ঞান নয়, পেশাগত দক্ষতাও জরুরি: নোবিপ্রবি উপাচার্য
সেমিনারে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেছেন, শুধু একাডেমিক জ্ঞান অর্জন নয়, কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতাও অর্জন করতে হবে।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে প্রফেশনাল ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এই সেমিনারটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সময়োপযোগী। আমাদের দেশে যে পরিমাণ প্রফেশনাল ডিগ্রিধারী জনবল প্রয়োজন, সে তুলনায় দক্ষ জনবলের বড় ঘাটতি রয়েছে। এই প্রতিযোগিতাপূর্ণ সময়ে একজন বিবিএ শিক্ষার্থীর জন্য শুধু একাডেমিক সার্টিফিকেট বা জিপিএ অর্জনই যথেষ্ট নয়, এর পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, এ ধরনের ক্যারিয়ারবিষয়ক সেমিনার শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য সঠিকভাবে প্রস্তুত হতে এবং করপোরেট জগতের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পেশাগত ক্ষেত্রের সম্ভাবনা, প্রয়োজনীয় দক্ষতা এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারবে। নোবিপ্রবি ক্যাম্পাসে এ ধরনের সেমিনার আয়োজন করায় আইসিএমএবিকে ধন্যবাদ জানাই।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ এবং নোবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট এস এম জহির উদ্দীন হায়দার। রিসোর্স পারসন হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন আইসিএমএবির অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ।