Advertisement

টার্ফ মাঠসহ ক্রীড়া অবকাঠামো উন্নয়নে মন্ত্রণালয়ে রাবির বাজেট প্রস্তাব

এশিয়া পোস্ট নিউজ, রাবি
টার্ফ মাঠসহ ক্রীড়া অবকাঠামো উন্নয়নে মন্ত্রণালয়ে রাবির বাজেট প্রস্তাব
প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের কাছে বাজেট প্রস্তাব জমা দেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকি। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালে (রাবি) শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে বাজেট প্রস্তাব জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রস্তাবনায় টার্ফ মাঠ নির্মাণ, হবিবুর রহমান হলসংলগ্ন মাঠের আধুনিকায়ন এবং সুইমিংপুল সংস্কারের দাবি জানানো হয়েছে।

রোববার (২৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকি।

জানা গেছে, গত ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাবনা জমা দেন।

এ বিষয়ে রোকসানা বেগম টুকটুকি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের পরিচালক হিসেবে খেলাধুলার উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে প্রয়োজনীয় বাজেট প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা টার্ফ মাঠ নির্মাণের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। আশা করছি, দ্রুতই প্রকল্পগুলো বাস্তবায়ন হবে।

প্রস্তাবিত বাজেটে তিনটি প্রধান বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে— একটি আধুনিক টার্ফ মাঠ নির্মাণ, শহীদ হবিবুর রহমান হল-সংলগ্ন মাঠের আধুনিকায়ন এবং বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলের সংস্কার ও আধুনিকায়ন। প্রস্তাবটি অনুমোদন পেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামোয় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং শিক্ষার্থীরা উন্নত পরিবেশে খেলাধুলার সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।