সরকারি বাঙলা কলেজে তালা, অবরুদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকরা

রাজধানীর সরকারি বাঙলা কলেজে নিজ ক্যাম্পাসে বার্ষিক (ইয়ার) ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষকদের কক্ষে তালা দিয়ে তাদের অবরুদ্ধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার (৩০ নভেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরুর আগে রোববার (২৯ নভেম্বর) এ কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীদের দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাত কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষাগুলো নিজ ক্যাম্পাসে আয়োজন করতে হবে। বর্তমানে এক কলেজের শিক্ষার্থীদের অন্য কলেজে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। বিশেষ করে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে সরকারি তিতুমীর কলেজে। এতে শিক্ষার্থীদের প্রতিবার প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে।
আন্দোলনকারী শিক্ষার্থী শাওন আহমেদ সৈকত বলেন, ‘ফাইনালের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে ও পরে ২ থেকে ৩ ঘণ্টা ঢাকার যানজটে আটকে থাকতে হয়। নারী শিক্ষার্থীদের পড়তে হয় ভোগান্তিতে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার মানোন্নয়ন, কিন্তু বর্তমান প্রশাসন নানা অজুহাতে শিক্ষার্থীদের সঙ্গে ভণ্ডামি করে চলেছে। তাই সব অজুহাত বাদ দিয়ে অবিলম্বে শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ‘নিজ ক্যাম্পাসে পরীক্ষা’ মেনে নিতে হবে।
আরেক শিক্ষার্থী জুয়েল রানা বলেন, আমাদের প্রতিদিন পরীক্ষার সময় ১০ থেকে ১২ কিলোমিটার পথ ও যানজট পাড়ি দিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হয়। একজন শিক্ষার্থীর পরীক্ষার আগে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা যানজট অতিক্রম করে পরীক্ষা দেওয়া কষ্টসাধ্য।
এ বিষয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে তারা রয়েছেন। তবে এ দাবি বাস্তবায়নে সময় প্রয়োজন এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আবারও আলোচনা করতে হবে।
আগামীকাল পরীক্ষা নিজ নিজ ক্যাম্পাসে নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
