Advertisement

স্বপ্নভঙ্গের শঙ্কা কাটিয়ে অবশেষে বাকৃবির শিক্ষার্থী চন্দ্র

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
স্বপ্নভঙ্গের শঙ্কা কাটিয়ে অবশেষে বাকৃবির শিক্ষার্থী চন্দ্র
চন্দ্র তালুকদার। ছবি : সংগৃহীত

ভর্তি কার্যক্রমের শেষ ধাপে মূল কাগজপত্র জমা দিতে ভুলে যাওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক শিক্ষার্থীর ভর্তি বাতিল হলেও শেষ পর্যন্ত মানবিক বিবেচনায় বহাল রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কৃষি গুচ্ছের কেন্দ্রীয় কর্তৃপক্ষের সমন্বিত সিদ্ধান্তে কৃষি অনুষদের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চন্দ্র তালুকদারের ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভর্তিসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার বিষয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চন্দ্র তালুকদার ভর্তি পরীক্ষায় দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রেখেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সুযোগ পাওয়ার পরও নিম্নমধ্যবিত্ত পরিবারের এই সন্তান বাকৃবিতেই পড়ার সিদ্ধান্ত নেন। চন্দ্রের বাবা পেশায় একজন অটোরিকশাচালক।

চন্দ্র জানান, ভর্তির দিন স্বাস্থ্য পরীক্ষা, ব্যাংকের কাজসহ প্রায় সব ধাপ শেষ করলেও অসাবধানতাবশত মূল নম্বরপত্র (মার্কশিট), প্রশংসাপত্র (টেস্টিমোনিয়াল) ও ডাউনলোড করা ফরম জমা না দিয়েই তিনি চলে যান। পরে ওরিয়েন্টেশন ক্লাসে এসে জানতে পারেন যে ভর্তি সম্পন্ন না হওয়ায় তা বাতিল গণ্য হয়েছে। পরবর্তীতে বিষয়টি প্রশাসনকে জানালে কৃষি গুচ্ছের কেন্দ্রীয় কর্তৃপক্ষের সম্মতিতে ও উপাচার্যের অনুমোদনে তার ভর্তি বহাল রাখা হয়। মঙ্গলবার তিনি রোল নম্বর ও শিক্ষার্থী পরিচয়পত্র পেয়েছেন।

ঘটনায় সহযোগিতাকারী বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু বলেন, ভর্তি কার্যক্রম শেষে শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানোর ব্যবস্থা থাকলে বিভ্রান্তি এড়ানো সম্ভব হতো।

অতিরিক্ত রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ বলেন, একটি ছোট ভুলের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হোক—তা আমরা চাইনি। তাই মানবিক দিক বিবেচনা করে কেন্দ্রীয় কর্তৃপক্ষের সম্মতিতে উপাচার্যের অনুমোদনে ভর্তি বহাল রাখা হয়েছে। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রমের শুরুতেই মূল কাগজপত্র জমা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিষয় :ময়মনসিংহ