Advertisement

গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণায় চবিতে নির্মাণ হচ্ছে বহুতল ভবন

এশিয়া পোস্ট নিউজ, চবি
গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণায় চবিতে নির্মাণ হচ্ছে বহুতল ভবন
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণার পরিধি বাড়াতে একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের নিবিড় গবেষণার সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা ধারাবাহিকভাবে উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, ‘জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র’-এর অ্যানেক্স ভবন হিসেবে এটি নির্মিত হবে। বৃহস্পতিবার এক জমকালো আয়োজনের মাধ্যমে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এ সময় তিনি যথাসময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেন। পাশাপাশি প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়মিত তদারকির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।

জানতে চাইলে চবি উপাচার্য বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ উন্নত করতে বিশেষ গুরুত্ব আরোপ করছে। নবনির্মিত এই ভবনটি গবেষণাকাজে নতুন মাত্রা যোগ করবে এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। ভিত্তিপ্রস্তর উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।