চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ ৭ কলেজের কর্মচারীদের ৪ দাবি

সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্তিসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন সাত কলেজের বেসরকারি কর্মচারীরা। ‘সাত কলেজ কর্মচারী ঐক্য পরিষদ’ -এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ সাতটি ক্যাম্পাসে একযোগে এই মানবন্ধনে শত শত বেসরকারি কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি সাত কলেজে বেসরকারিভাবে কর্মরত থাকলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের পর তাদের চাকরির ভবিষ্যৎ ও সুযোগ-সুবিধা নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও আশানুরূপ সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
মানববন্ধনে সোহরাওয়ার্দী কলেজের কর্মচারী নাসির উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে তারা সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি কর্মচারী হিসেবে কাজ করছেন। সাত কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় আসার দুই বছরের বেশি সময় পার হলেও তাদের চাকরির স্থায়ীকরণ কিংবা সুযোগ-সুবিধার বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।
তিনি আরও বলেন, এ বিষয়ে সাত কলেজের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দিয়েছেন এবং ইউজিসি চেয়ারম্যানের সঙ্গেও যোগাযোগ করেছেন। তবে কোনো আশ্বাস না পাওয়ায় তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে, কলেজের কর্মচারী বিল্লাল মিয়া বলেন, বয়সের শেষ পর্যায়ে এসেও তাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। শারীরিক সক্ষমতা থাকা পর্যন্ত কাজ করতে পারলেই কেবল বেতন পান তারা। সামান্য ভুলত্রুটি হলেই চাকরি হারানোর ভয় দেখানো হয়। অসুস্থতা কিংবা পরিবারের সদস্যদের চিকিৎসার ক্ষেত্রেও তারা কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা পান না।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কোনো কর্মচারী মারা গেলে তার মরদেহ বাড়িতে নেওয়ার জন্যও প্রতিষ্ঠান থেকে পরিবহন বা আর্থিক সহায়তা পাওয়া যায় না। দীর্ঘদিন চাকরি করেও কোনো ধরনের সুযোগ-সুবিধা না পাওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
মানববন্ধনে কর্মচারীদের উত্থাপিত চার দফা দাবি হলো, সরকারি সাত কলেজে কর্মরত সব বেসরকারি কর্মচারীর চাকরি রাজস্বখাতে স্থানান্তর করতে হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় তাদের অন্তর্ভুক্ত করতে হবে। রাজস্বখাতে স্থানান্তর না করা পর্যন্ত প্রধানমন্ত্রীর ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে হবে। সাত কলেজে কর্মরত কোনো কর্মচারীকে ছাঁটাই করা যাবে না।
কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অবদান রেখে আসছেন। অথচ এখনো তাদের চাকরির স্থায়িত্ব ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। দীর্ঘদিনের শ্রম, অভিজ্ঞতা ও অবদানের যথাযথ স্বীকৃতি প্রদান এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন কর্মচারীরা।
