logo
Advertisement

রোহিঙ্গা হিস্টোরি অ্যান্ড নলেজ সেন্টার প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
রোহিঙ্গা হিস্টোরি অ্যান্ড নলেজ সেন্টার প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর
আরএইচকেসি প্রতিষ্ঠায় আরআরআরসির কার্যালয়ে সমঝোতা স্মারক অনুষ্ঠানে কর্মকর্তারা। ছবি: ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃক পাওয়া

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে শান্তি, সামাজিক সম্প্রীতি ও জ্ঞানচর্চার প্রসার ঘটাতে ‘পিস ক্যাফে’ এবং ‘কমিউনিটি লাইব্রেরি’ চালু করেছে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে)। একই সঙ্গে রোহিঙ্গাদের ইতিহাস, পরিচয় ও সংস্কৃতি সংরক্ষণের লক্ষ্যে ‘রোহিঙ্গা হিস্টোরি অ্যান্ড নলেজ সেন্টার’ (আরএইচকেসি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কেন্দ্রটি রোহিঙ্গাদের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা, গবেষণা এবং কমিউনিটিভিত্তিক নানা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ তৈরি করবে। এই উপলক্ষে গত ১৫ সেপ্টেম্বর কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এর কার্যালয়ের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

কক্সবাজারের ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই পিস ক্যাফে ও কমিউনিটি লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে বই পড়ার সুযোগ সৃষ্টির পাশাপাশি মতবিনিময় ও শেখার একটি মুক্ত পরিবেশ তৈরি হবে। বিশেষ করে তরুণ রোহিঙ্গারা এখানে নিজেদের চিন্তাভাবনা ও অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ পাবেন, যা তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে নতুন সম্ভাবনা তৈরি করবে।

ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম, সিপিজের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিয়ার সাদাত এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর মোফাক খারুল ইসলাম তৌফিক পিস ক্যাফে ও লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে আরআরআরসি কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে ট্রেজারার আরিফুল ইসলাম এবং সরকারের পক্ষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা স্মারকের আওতায় ক্যাম্পের ভেতরেই কেন্দ্রটি স্থাপনের জন্য একটি নির্দিষ্ট স্থান বরাদ্দ দিয়েছে আরআরআরসি কার্যালয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার নাজমুল ইসলাম ভূঁইয়া, আরআরআরসি কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব আফতাবুজ্জামান আল-ইমরান এবং সিপিজের ইনস্টিটিউশনাল অ্যাডভাইজার মনজুর হাসান, ওবিই।

সিপিজের ‘পিস ক্যাফে’ মূলত নারী শিক্ষার্থীদের সিভিক এনগেজমেন্ট ও সামাজিক উদ্যোক্তা কার্যক্রমে সহায়তা প্রদানের একটি প্রশংসিত উদ্যোগ। ইউএন উইমেনের সহায়তায় ২০১৮ সাল থেকে ঢাকা, ময়মনসিংহ ও রংপুরের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চারটি পিস ক্যাফে চালু করা হয়। এর অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে সিপিজের ‘রিফিউজি স্টাডিজ ইউনিট’, যা স্থানীয় বাস্তবতা অনুধাবন এবং রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, শিক্ষা ও সামাজিক অগ্রগতির এই উদ্যোগগুলোর মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখছে ব্র্যাক ইউনিভার্সিটি। বিশেষ করে এসডিজি ১০ (বৈষম্য হ্রাস) এবং এসডিজি ১৬ (শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) বাস্তবায়নে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।