logo

চাকরি-ইন্টার্নশিপের হাজারো সুযোগ, স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’

চাকরি-ইন্টার্নশিপের হাজারো সুযোগ, স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ফিতা কেটে ‘ক্যারিয়ার এক্সপো’র উদ্বোধন করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও উপাচার্য। ছবি: বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া

হাতে জীবনবৃত্তান্ত, চোখে নতুন কর্মজীবনের স্বপ্ন। সকাল থেকেই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে ছিল তরুণদের প্রাণচাঞ্চল্য। দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ এবং ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা—সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’।

শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। আয়োজকদের ভাষ্য, দীর্ঘ ২৪ বছর পর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বড় পরিসরে এমন একটি ক্যারিয়ার এক্সপোর আয়োজন করা হয়েছে।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিসিপিসি) উদ্যোগে এবং জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস, জেসিআই ঢাকা হ্যারিটেজ ও জেসিআই ঢাকা ইমপ্যাক্টের সহযোগিতায় এ ক্যারিয়ার এক্সপোর আয়োজন করা হয়েছে।

ক্যারিয়ার এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরিফ নাফে আস-সাবের।

উদ্বোধনী অনুষ্ঠানে এক্সপোতে অংশ নেওয়া ৪০টির বেশি দেশি, বিদেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এক হাজারের বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ভিড় করেন। কেউ সরাসরি সিভি জমা দেন, কেউ প্রতিষ্ঠানগুলোর নিয়োগপ্রক্রিয়া, প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে তথ্য নেন।

ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নতুন চাকরিপ্রত্যাশী ও ইন্টার্নশিপে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ ও করপোরেট প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তব ধারণা নেওয়ার সুযোগ পান।

চাকরি ও ইন্টার্নশিপের সুযোগের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব, উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দিতে দিনব্যাপী একাধিক ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশন রাখা হয়েছে।

সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ‘ক্যারিয়ার ইন ব্যাংকিং’ বিষয়ে সেশন পরিচালনা করেন শাহরিয়ার ইমরান। সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় ক্যারিয়ার এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব।

দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত ‘এন্টারপ্রেনারশিপ’ বিষয়ে সেশন পরিচালনা করবেন তাশদিক হাবিব। বিকেল ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত ‘ক্যারিয়ার ইন আইটি’ বিষয়ে কথা বলবেন জাফির শাফি চৌধুরী। এরপর বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ‘লিডারশিপ স্কিলস’ বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবেন মো. আলতামিস নাবিল।

দিনব্যাপী ক্যারিয়ার এক্সপো চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’।

আয়োজকেরা মনে করছেন, এ আয়োজন শুধু চাকরির আবেদন বা সিভি জমা দেওয়ার একটি প্ল্যাটফর্ম নয়; বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে করপোরেট ও পেশাজগতের সরাসরি সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের চাহিদা, প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।