Advertisement

বেরোবির নতুন ট্রেজারার হলেন জবির অধ্যাপক ড. আবু হানিফ

এশিয়া পোস্ট নিউজ, বেরোবি
বেরোবির নতুন ট্রেজারার হলেন জবির অধ্যাপক ড. আবু হানিফ
অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার। ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১৩(১) ধারা অনুযায়ী ড. মো. আবু হানিফ সরকারকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ— যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ববর্তী প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন তিনি। প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যানসেলর যে কোনো সময় -এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।