logo
Advertisement

রাবিতে আবাসিক শিক্ষার্থীর মশারির ওপর মিলল সাপ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, রাবি
রাবিতে আবাসিক শিক্ষার্থীর মশারির ওপর মিলল সাপ
রাবির আবাসিক হলে মশারির ওপরে বিষধর কালাচ সাপ। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের কক্ষে থাকা আবাসিক শিক্ষার্থীর মশারির ওপর থেকে একটি বিষধর কালাচ সাপ উদ্ধার করা হয়েছে।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে হলের ১২১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাব্বি রেজা গভীর রাতে ঘুম থেকে উঠে মশারির ওপর একটি সাপ দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয়ের রেসকিউ টিমকে খবর দেওয়া হলে তারা সাপটি উদ্ধার করে নিয়ে যায়। সাপটি বিষধর কালাচ বলে নিশ্চিত করেছেন তারা।

একই কক্ষের আবাসিক শিক্ষার্থী সাকিল আহমেদ বলেন, ঘুম ভেঙে গেলে, ও মশারির ওপর বিষধর সাপটি দেখতে পায়। হলের প্রাধ্যক্ষকে অনেকবার বলেও কোনো সমাধান হয়নি। হলের চারপাশ জঙ্গল হয়ে আছে। কয়েক দিন পরপরই সাপ বের হয়। হলের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। কাল রাতে যদি সাপটা কামড় দিত এবং একজন ছাত্রের মৃত্যু হতো, সেই দায় কি হল প্রভোস্ট নিতেন?

এ বিষয়ে জানতে চাইলে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মো. আল-আমিন সরকার এশিয়া পোস্টকে জানান, শনিবার রাতে এক শিক্ষার্থী ঘুম থেকে উঠে মশারির ওপর একটি সাপ দেখতে পায়। পরে বিশ্ববিদ্যালয়ের রেসকিউ টিমকে খবর দেওয়া হলে তারা সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরও জানান, সাপের উপদ্রব ঠেকাতে এর আগেও কার্বোলিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে এবং হলের চারপাশ পরিষ্কার করা হয়েছে। গত সপ্তাহেও প্রশাসনের উদ্যোগে হলের পেছনের অংশ পরিষ্কার করা হয়। হয়তো হলের পেছনের দিক দিয়ে সাপটি প্রবেশ করেছে। আমরা দ্রুত হলের পেছনে ভালো মানের নেট লাগানোসহ ড্রেনগুলো পরিষ্কার করার ব্যবস্থা করবো।