Advertisement

মেয়াদোত্তীর্ণ কমিটিতেই চলছে সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাব

এশিয়া পোস্ট নিউজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ
মেয়াদোত্তীর্ণ কমিটিতেই চলছে সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাব
সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের নেতৃত্ব। ছবি: সংগৃহীত

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের বর্তমান কমিটির এক বছরের মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় সাত মাস ধরে একই কমিটি দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সভাপতি জিসান ও সাধারণ সম্পাদক সাবরিনা এখনো নেতৃত্বে বহাল রয়েছে। এতে নতুন ও যোগ্য নেতৃত্বের দায়িত্ব গ্রহণের সুযোগ সংকুচিত হচ্ছে বলে অভিযোগ নতুনদের।

জানা গেছে, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি জিসান ও সাবরিনার নেতৃত্বে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের কমিটি গঠন করা হয়। তবে ওই কমিটির মেয়াদ ধরা হয় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী এক বছর। সে হিসেবে কমিটির মেয়াদ ২০২৬ সালের ১ জানুয়ারি শেষ হওয়ার কথা। কিন্তু জুলাই মাসের শেষ দিকে এসেও নতুন কমিটি গঠন করা হয়নি। ফলে মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় সাড়ে সাত মাস ধরে একই নেতৃত্বে ক্লাবটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন না হওয়ায় ক্লাবের নেতৃত্বে আসতে আগ্রহী অনেক যোগ্য ও সক্রিয় সদস্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে একই কমিটি বহাল থাকায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ডিবেটিং ক্লাবের মডারেটর ফখরুল ইসলাম বলেন, আমরা ভারপ্রাপ্ত হিসেবে কমিটি চালাচ্ছি। কিছু মাস আগে একটি কমিটি গঠন করা হলেও সেটি কেন প্রকাশ করা হয়নি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মধ্যে একটি অভ্যন্তরীণ মনোমালিন্য ছিল। ক্লাবে কমবেশি এমন হয়।

তিনি আরও জানান, খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার ব্যবস্থা করব।

এদিকে ডিবেটিং ক্লাবের আরেক মডারেটর আসমা আক্তার বেলী বলেন, দীর্ঘদিন ছুটি থাকায় ঠিকভাবে কমিটি গোছানো যায়নি। খুব শীঘ্রই নতুন কমিটির ব্যবস্থা করা হবে।

শিক্ষার্থীরা মনে করেন, যে কোনো সাংগঠনিক কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করা হলে সংগঠনে গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকে। এতে নতুন সদস্যদের নেতৃত্বে আসার সুযোগ তৈরি হয় এবং তাদের দক্ষতা ও সক্ষমতা বিকাশের ক্ষেত্র প্রসারিত হয়।

দীর্ঘ সময় ধরে একই কমিটি বহাল থাকলে নতুন নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সদস্যদের মধ্যে হতাশা ও অনাগ্রহ সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন তারা।

নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত নতুন কমিটি গঠনের দাবিও জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের প্রত্যাশা, সময়মতো নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ডিবেটিং ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে।